ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম

ads

রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রাজবাড়ীর গোয়ালন্দে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের নিচ থেকে প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দেয়া হচ্ছে  ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। 


এদিকে রাজবাড়ী-১ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। দুপুর থেকে কেন্দ্রভিত্তিক ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।


সরঞ্জাম গ্রহণের পর এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জানান, ‘সরঞ্জাম গ্রহণের পর আমরা চেকলিস্ট মিলিয়ে দেখছি, তালিকা অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা। এরপর এগুলো ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে আগামীকালের ভোটের প্রস্তুতি হিসেবে আজই বুথ স্থাপন করব।’


গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মমিনুল ইসলাম  জানান, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ সন্তোষজনক। কোন ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্ঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।


গোয়ালন্দ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ৪১ টি ভোটকেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে, যেটা আমরা উপজেলা থেকে মনিটরিং করতে পারছি এবং যে কক্ষে ভোট গণনা হবে সেই কক্ষে আমাদের সিসি ক্যামেরা থাকবে। এছাড়া ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ভোট কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা মহড়া দিচ্ছেন এবং প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ দায়িত্ব পালন করবেন।


তিনি আরও বলেন, “সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” ভোটাররা নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২১৭টি বুথ করা হয়েছে। নির্বাচনে ৪১জন প্রিজাইডিং, ২১৭জন সহকারী প্রিজাইডিং ও ৪৩৪ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়াও উপজেলার মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৬ হাজার ২০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৪৫৭ জন, নারীর ভোটারের সংখ্যা ৫২ হাজার ৭৪৭জন ও তৃতীয় লিঙ্গ ২ জন।


প্রত্যেক ভোট কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এবং পুলিশ বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।

ads
ads
ads

Our Facebook Page